লেবাননে,
ইসরাইলি হামলায় ০২ জন বাংলাদেশি নিহত!
- আপডেট সময় : ০৮:০৪:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৫৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:
মঙ্গলবার (১২ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলের হামলা ও তাতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।
নিহত দুই বাংলাদেশি হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শফিকুল ইসলাম এবং একই জেলার আশাশুনি উপজেলার মো. নাহিদুল ইসলাম নাহিদ।
বিবৃতিতে বলা হয়, লেবাননে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া সম্পন্ন করতে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দূতাবাস কর্তৃপক্ষ নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে।
এতে আরও বলা হয়, ওই অঞ্চলে চলমান সহিংসতা এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। একইসঙ্গে বাংলাদেশ পক্ষগুলোকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।
উল্লেখ্য যে, এর আগে গত ০৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় আরও এক বাংলাদেশি নারী নিহত হয়েছিলেন। তিনি ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর শালেপুর গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে দিপালী বেগম।















