ঈদুল আজহা উপলক্ষে,
‘শিরোনাম’ ছবি নিয়ে বড়পর্দায় আসছেন ওমর সানী।
- আপডেট সময় : ১০:২১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ ১৪৭ বার পড়া হয়েছে

(ছবি: সংগৃহীত)
বিনোদন ডেস্ক:
ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। বর্তমানে অভিনয়ে আর আগের মতো দেখা যায় না তাকে। নিজের ব্যবসা ও পরিবার নিয়েই ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বরাবরই সরব থাকতে দেখা যায় এই অভিনেতাকে।
অবশ্য খুব শিগগিরই রুপালি পর্দায় দেখা যেতে পারে ওমর সানীকে। জানা গেছে, আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে পারে তার অভিনীত চলচ্চিত্র ‘শিরোনাম’। ইতোমধ্যে ছবিটির শুটিংয়ে অংশও নিয়েছেন তিনি। তবে তার চরিত্র সম্পর্কে কিছু জানা যায়নি।
সিনেমা প্রসঙ্গে এর নির্মাতা অনিক বিশ্বাস জানান, ঈদেই সিনেমাটি মুক্তির লক্ষ্যে দ্রুতগতিতে কাজ এগিয়ে চলছে। খুব শিগগিরই এ বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।তবে তিনি গল্পের বিষয়ে বিস্তারিত কিছু জানাতে চাননি।
পরিচালক বলেন, দর্শকের পছন্দের কথা মাথায় রেখেই ‘শিরোনাম’-এর গল্প নির্মাণ করা হয়েছে।
‘শিরোনাম’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নিরব। এছাড়া আরও বেশ কজন জনপ্রিয় শিল্পী এতে অভিনয় করছেন। তবে তাদের নামও এখনো প্রকাশ করা হয়নি। তবে বিশেষ আকর্ষণ হিসেবে জানা গেছে, এই ছবির মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্লেব্যাকে ফিরছেন জনপ্রিয় সংগীতশিল্পী আরফিন রুমি।
সিনেমাটির চিত্রগ্রহণ করছেন বাংলাদেশের সাইফুল শাহীন এবং ভারতের ভেঙ্কটেশ গঙ্গাধারী।














